শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-কালনা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়ার কালনা আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা গ্রামের মরহুম আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে সিএনজি স্টেশনের ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কালিয়ার বাবরা-হাচলা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়ার কালনা আমতলা নামক স্থানে পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে যান মোস্তাফিজুর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’