ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে আটক সাজাপ্রাপ্ত তিন চীনা নাগরিককে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আইনজীবী মো: আশিকুল ইসলামের জিম্মায় তাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এর আগে ৭ জুলাই (সোমবার) তাদের জামিন মঞ্জুর করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, গত ৩ জুলাই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্ত চীনা নাগরিকরা হলেন ঝাং ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১) ও সান বেনহুয়া (৬৩)। তাদের সাথে আরো তিন বাংলাদেশীকেও একই দণ্ড দেয়া হয়েছিল।

পরিবেশ অধিদফতরের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সীসা গলানোর কারণে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০-এর অধীনে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। সাজা ঘোষণার পর তিন চীনা নাগরিককে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুলাই তাদের জামিন মঞ্জুর করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তবে সব ধরনের গোয়েন্দা সংস্থার (এনএসআই, ডিজিএফআই, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ) ছাড়পত্র পাওয়ার পর ৮ জুলাই সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের আইনজীবী মো: আশিকুল ইসলামের জিম্মায় মুক্তি দেয়া হয়।

জেলা কারাগারের জেল সুপার মো: ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকল প্রক্রিয়া ও অনুমোদন অনুসরণ করে তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে।’

এ ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে। অবৈধ শিল্পকারখানায় বিদেশীদের জড়িত থাকা এবং পরিবেশ বিনষ্টের অভিযোগ নিয়ে প্রশাসনের আরো কঠোর নজরদারির দাবি জানিয়েছে সচেতন মহল।