টাঙ্গাই‌লের সখীপু‌রে এক গৃহবধূকে গণধর্ষ‌ণ করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকা‌লে ওই গৃহবধূ তিনজনের নামে মামলা করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হ‌লেন উপ‌জেলার দা‌ড়িয়াপুর গ্রা‌মের লিটন (৪০) ও একই গ্রা‌মের র‌ফিক (৩৯)।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, গৃহবধূর স্বামীর বা‌ড়ি উপ‌জেলার দেওবা‌ড়ি গ্রা‌মে। সেখা‌নে শাশুড়ির সাথে বি‌রোধ হ‌লে গত ১১ জুলাই রা‌তে কাউকে কিছু না ব‌লে বাবার বাড়ির উদ্দেশে রওয়ানা হন ওই গৃহবধূ। উপ‌জেলার ছি‌লিমপু‌রে বাবার বাড়ি যাওয়ার প‌থে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছ‌ালে অভিযুক্তরা তা‌কে ফুঁস‌লি‌য়ে ওই বাজা‌রের পরিত্যক্ত এক‌টি ঘ‌রে নি‌য়ে তিনজ‌নে মি‌লে ধর্ষণ ক‌রে। বিষয়‌টি কাউকে না জানা‌তেও হুম‌কি দেয় অভিযুক্তরা।

এ বিষ‌য়ে সখীপুর থানার (ওসি তদন্ত) ব‌লেন, ‘ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা কর‌তে আজ সোমবার টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে আনা হয়েছে।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া ব‌লেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দু’আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অন‌্য আসা‌মিদের গ্রেফতারে পু‌লি‌শের চেষ্টা অব্যাহত র‌য়ে‌ছে।’