চট্টগ্রামের মিরসরাইয়ে বৃদ্ধ অসুস্থ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বাবার দায়ের করা মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম ৩য় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭) চট্টগ্রাম ইপিজেডের ইয়ংওয়ান ফ্যাক্টরিতে কর্মরত। অভিযোগ করা বাবা মফিজুল ইসলাম চৌধুরী (৭০) মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া তিনঘরিয়া টোলা আমির বক্স মিয়া বাড়ির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান। তিনি জানান, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রাম ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’-এ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে কর্মরত অবস্থায় বাদী তার কষ্টার্জিত অর্থ ব্যয়ে ছেলেকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদি অনিচ্ছাসত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি আসামির নামে রেজিস্ট্রি দিতে বাধ্য হন। এছাড়া বাদির থেকে ৫ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করে।

সম্প্রতি ঘরভিটা অভিযুক্তের নামে রেজিস্ট্রি দিতে বলেন, অন্যথায় ২০ লাখ টাকা দাবি করে বাদিকে হুমকি দেয় অভিযুক্ত। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বাদির ওপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান বাদি। এ সময় আসামি ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামি বৃদ্ধ বাবার ভরণপোষণ না দিয়ে উল্টো নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে বাদি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।