চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি চলন্ত সিএনজিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সিএনজি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো: শফি আলম জানান, ‘আমি দুই যাত্রী নিয়ে পরৈকোড়া বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও আমার জীবিকার একমাত্র মাধ্যমটি পুড়ে গেছে। গাড়িটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হলেও অধিকাংশ অংশ আগুনে নষ্ট হয়ে গেছে।’
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো: আবদুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজ হয়ে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো প্রাণহানি ঘটেনি।’






