মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত আসামি মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

রোববার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাড়ীর যশলং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে মিল্টন মল্লিক দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভয়-আতঙ্ক সৃষ্টি করে। বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দিয়ে ত্রাসের রাজত্বও কায়েম করেন তিনি।

গত ৩১ অক্টোবর যৌথবাহিনীর অভিযানে মিল্টনের বাড়ি থেকে ৭টি তাজা ককটেল, ২টি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয় এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশে তিনি দেশী-বিদেশী অস্ত্র মজুত করছিলেন।

ঘটনায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পুনরায় অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেফতার করে। পরে তাকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।