চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এসআই পরিবহনের বাসের নিচে চাপা পড়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি এনজিওর এরিয়া ম্যানেজার।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর মেধা কচ্ছপিয়া বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মালুমঘাট স্টেশন থেকে নজরুল ইসলাম মোটরসাইকেলে করে খুটাখালী যাওয়ার পথে মেধা কচ্ছপিয়া এলাকায় পৌছলে কক্সবাজারগামী এসআই পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।






