নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর সড়কের বেগমগঞ্জ আমিন বাজার নামক স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশুকন্যা নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) রাতে এ ঘটনা ঘটে। এতে আরো দু’জন আহত হন।

নিহতরা হলেন- সিএনজি চালক আব্দুর রহমানের স্ত্রী জামিলা সুলতানা ইনু (২০) ও তার শিশু কন্যা ফাতেমা (৫)

জানা যায়, চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনীগামী সিএনজি অটোরিকশা আমিন বাজার এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি যাত্রী আরোহী জামিলা সুলতানা ইনু (২০) ও তার শিশু কন্যা ফাতেমা (৫) গুরুতর আহত হয়। তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সিএনজি চালক আব্দুর রহমান নিজেই গাড়ি চালিয়ে আসছেন ও নিহত জামিলা সুলতানা ইনু তার স্ত্রী ও অপর নিহত শিশু ফাতেমা তার মেয়ে । ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

বেগমঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: অসিম কুমার দাস মা ও মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।