ফেনীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি আ জ ম ওবায়দুল্লাহর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার উদ্দেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন।
এছাড়া বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, ‘দেশে শিশু সংগঠনে অবদান রেখেছেন এমন কয়েকজনের মধ্যে একজন আ জ ম ওবায়দুল্লাহ। তিনি দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। কেউ গায়ক, শিল্পী বা কবি হন। কিন্তু তিনি সব ব্যাপারে পারদর্শী ছিলেন। সব ভাষায়ও কথা বলতে পারতেন। আল্লাহ তাকে যেমন প্রতিভা দিয়েছেন তেমনি পরিশ্রমী ছিলেন। তার পুরো জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘কর্মজীবনের শুরুতে ওবায়দুল্লাহ চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ছিলেন। তার অভাব কখনো পূরণ হওয়ার নয়।’






