নুরসুলতান নজরবায়েভকে সরিয়ে কাজাখস্তানের শাসক দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
কাজাখস্তানে একটি রক্তক্ষয়ী সঙ্ঘাতের পর দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান নুরসুলতান নজরবায়েভকে শাসক দলের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। নজরবায়েভকে সরিয়ে শাসক দলের প্রধান হয়েছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভকে ক্ষমতায় আনার বিষয়েও প্রধান ভূমিকা পালন করেছিলেন নুরসুলতান নজরবায়েভ। কাজাখস্তানে রক্তক্ষয়ী সঙ্ঘাতের পর দেশটির শীর্ষ পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব বেড়েছে। শাসক দলের প্রধান পরিবর্তনের মাধ্যমে এ ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে।
শুক্রবার কাজাখ প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, ২১তম পার্টি কংগ্রেসের মাধ্যমে সর্বসম্মতিক্রমে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভকে দলের সভাপতি (প্রধান) হিসেবে নির্বাচিত করা হয়েছে। টোকায়েভ এখন নূর ওতান পার্টির প্রধান।
জানুয়ারির শুরুতে কাজাখস্তানে ব্যাপক সঙ্ঘাতের ফলে দেশটিতে ২২৫ ব্যক্তি মারা যান। এরপর নজরবায়েভের সাবেক শাসনামলের সমালোচনা করেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। তিনি প্রশ্ন তুলেন যে কেন কাজাখস্তানে অভিজাত (ধনী) ও গরীবের মধ্যে এত ব্যাপক ব্যাবধান বিদ্যমান।
৩০ বছর ধরে কাজাখস্তান শাসন করেছেন নুরসুলতান নজরবায়েভ। এ সময় তিনি কাজাখস্তানে কোনো বিরোধী দল বা পক্ষ গড়ে উঠতে দেননি। পরে তিনি তার অনুগত কাসিম-জোমার্ট টোকায়েভকে ২০১৯ সালে কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন। কাসিম-জোমার্ট টোকায়েভ পেশায় একজন কূটনীতিক।
সূত্র : আল-জাজিরা






