সূচি বলছে আজ রাতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওমান। তবে কাগজে-কলমে লড়াইটা এই দুই দেশের মাঝে হলেও খেলাটা হবে পাকিস্তান বনাম পাকিস্তানের!
অবিশ্বাস্য হলেও এমনটাই সত্য। পাকিস্তান দলে তো পাকিস্তানিই, ওমান দলেও আছেন ১০ পাকিস্তানি! বিস্ময়কর বিষয় হলো- ১৭ সদস্যের দলে ওমানের আছেন মাত্র ১ জন।
দুবাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে ওমানের। সবকিছু ঠিক থাকলে ৯ম দেশ হিসেবে এশিয়া কাপে অংশ নেবে মরুর দেশটি। রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা।
ওমান ক্রিকেটের জন্য স্মরণীয় এই দিন। এশিয়া কাপের ১৭তম আসরে এসে অভিষেক হচ্ছে তাদের। অবশ্য ২০১৫ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওমানের।
এরপর ২০১৯ থেকে খেলছে ওয়ানডেও। এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। কিন্তু কখনো এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি তাদের। এবার ফুরাচ্ছে তাদের অপেক্ষা।
এশিয়া কাপে প্রথম হলেও তিন-তিনটা বিশ্বকাপ খেলেছে ওমান। ২০১৬, ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল তারা। এমনকি দেশটি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকও ছিল।
তবুও ক্রিকেট নিয়ে তেমন আমেজ নেই তাদের। এশিয়া কাপে অভিষেকের মতো এমন বিশেষ মুহূর্তও খুব একটা ছুঁয়ে যাচ্ছে না ওমানিদের। যার প্রথম কারণ সেখানকার স্থানীয় লোকজনের সাথে ক্রিকেটের নিবিড় সম্পর্ক নেই।
আর দ্বিতীয়ত উপমহাদেশ থেকে যাওয়া প্রবাসীরা খেলাটিকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন, তারাই ওমানকে প্রতিনিধিত্ব করছেন। তারপরও একটা শক্তিশালী রূপ দাঁড় করিয়ে ফেলেছিল ওমান ক্রিকেট।
তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খেলোয়াড়দের সাথে বোর্ডের বেতন বিতর্কে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বহু সিনিয়র ক্রিকেটার। এরপর অনেকটা জোড়াতালি দিয়ে চলছে তাদের ক্রিকেট।
ওমানের এই দলটি কার্যত নতুন করে সাজানো। যেখানে ১৭ সদস্যদের দলে ১০ জনই পাকিস্তানের, আর ৬ জন ভারতের। ওমান থেকে আছেন কেবল ৩৩ বছর বয়সী অলরাউন্ডার সুফিয়ান মেহমুদ। তার জন্ম মাসকাটে।
সব মিলিয়ে দলটির প্রায় সবাই যেহেতু পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত, তাই দুবাইয়ে আজ কেউ খেলবেন জন্মভূমি বা পিতৃভূমির বিপক্ষে, কেউ আবার খেলবেন ‘শত্রু’ দেশের বিপক্ষে।
তাদের কেউ আবার পেশাদার ক্রিকেটার নয়। অধিকাংশই বিভিন্ন পেশায় সকাল-সন্ধ্যা অফিস করেন। মূলত জীবিকার সন্ধানে তাদের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আসা। চাকরির পাশাপাশি খেলেন ক্রিকেট।
এশিয়া কাপে ওমানকে নেতৃত্ব দেবেন ভারতের লুধিয়ানায় জন্ম নেয়া যতীন্দর সিং। ২০০৩ সালে ভারত ছেড়ে ওমানে পাড়ি জমানোর পর কাঠমিস্ত্রির কাজও করেছেন তিনি।
তবে এই যতীন্দরই ওমানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ পাকিস্তানের বিপক্ষে এক রান করলেই দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।
ওমানের আরেক আলোচিত ক্রিকেটার আমির কলিম। পাকিস্তানে জন্ম নেয়া এই ক্রিকেটার এবারের এশিয়া কাপে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। ৪৩ বছর ২৯৬ দিন বয়সে আজ খেলতে নামবেন তিনি।
কলিম পেশায় একজন ক্যাটারিং ম্যানেজার। তবে টি–টোয়েন্টিতে ওমানের হয়ে সেরা বোলিং ফিগার তারই (৫/১৫)।






