হারারেতে মঙ্গলবার ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের দানবীয় ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এমন ইনিংসে টি-২০ ইতিহাসে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন তিনি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরু করেন ফিঞ্চ ও ডি’আর্চি শর্ট। উদ্বোধনী জুটিতে ফিঞ্চ ও শর্ট ১১৬ বলে ২২৩ রান যোগ করেন। টি-২০ ক্রিকেটে যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ রান। অর্থাৎ জুটিতে বিশ্ব রেকর্ড গড়েন ফিঞ্চ ও শর্ট। আগের রেকর্ডটি ছিল অবিচ্ছিন্ন ১৭১ রানের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জুটি গড়েছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

রেকর্ড জুটির মধ্যে ১৭২ রান অবদান ছিল ফিঞ্চের। ২২ বলে হাফ-সেঞ্চুরি ও ৫০ বলে সেঞ্চুরি করা ফিঞ্চের ইনিংসে ১৬টি চার ও ১০টি ছক্কার মার ছিলো। ব্যক্তিগত সর্বোচ্চ রানেরও বিশ্ব রেকর্ড গড়েন ফিঞ্চ। অবশ্য এ ক্ষেত্রে নিজের রেকর্ডটিই ভাঙেন তিনি। টি-২০ ইতিহাসে আগের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ফিঞ্চেরই। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১১টি চার ও ১৪টি ছক্কায় ১৫৬ রান করেছিলেন তিনি।

তবে ইনিংসে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি অল্পের জন্য ভাঙ্গতে পারেননি ফিঞ্চ। পুরনো রেকর্ডটি নিজেই করেছিলেন তিনি। ২০১৩ সালে ১৫৬ রানের ইনিংসে ১১টি চার ও ১৪টি ছক্কায় বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ১২৮ রান তুলেন ফিঞ্চ। এবার ১৬টি চার ও ১০টি ছক্কায় ১২৪ রান করেন তিনি।

টি-২০ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির নতুন রেকর্ড গড়েন ফিঞ্চ। ১৭২ রানের ইনিংসে ১৬টি চার মেরেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসের। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে ১৪টি চার মেরেছিলেন গিবস।

ছক্কায় এবার রেকর্ড গড়তে না পারলেও, ফিঞ্চের আগের রেকর্ডটি অক্ষুন্ন আছে। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৪টি ছক্কা মারেন ফিঞ্চ। যা টি-২০ ইতিহাসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি।

অধিনায়ক হিসেবে এ ম্যাচে ১৭২ রান করেন ফিঞ্চ। তাই অধিনায়ক হিসেবেও টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড দখলে নিয়ে নিলেন তিনি। আগেরটি ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের। ২০১৬ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ৭১ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১২৪ রান করেছিলেন ওই ম্যাচের অধিনায়ক ওয়াটসন।

ফিঞ্চের ব্যক্তিগত রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার দলীয় কোনো রেকর্ড হয়নি। দলীয় রান ২২৯ রান জায়গায় করে নেয় ১৬তম স্থানে। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩ উইকেটে ২৬৩ রান। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব রেকর্ডের স্কোর করেছিলো অসিরা।

ফিঞ্চের রেকর্ডের পেছনে অবদান ছিল আরেক ওপেনার শর্টের। স্ট্রাইক পরিবর্তন করে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৪৬ রান করেন শর্ট। এমন রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের সামনে ২৩০ রানের টার্গেট দিয়ে ১০০ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান করতে পারে।

 

আরো পড়ুন : বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে চার নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা দিয়েছে বিসিবি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলে নেয়া হয়েছে চার নতুন মুখ। টেস্ট স্কোয়াডে থাকা নাজমুল হাসান শান্ত, আবু জায়েদ চৌধুরীর সাথে নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনিকে রাখা হয়েছে স্কোয়াডে।

দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, মোহাম্মাদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।

স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।