দারুণ ছন্দে আছেন লিটন দাস। কিছুদিন আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতিয়েছেন দলকে, এবার এশিয়া কাপেও দলকে এনে দিলেন শুভসূচনা। সামনে থেকে নেতৃত্ব দিয়েই জিতিয়েছেন দলকে।

আবুধাবিতে বৃহস্পতিবার রাতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় লিটন খেলেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কারও।

ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে দলের জয় নিয়ে কথা বলেন লিটন। মনে করিয়ে দেন এটা নিছকই কোনো জয় নয়, গত তিনটা সিরিজ ধরেই এভাবে খেলছে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচে যা দলের নবম জয়।

লিটন বলেন, ‘প্রথম ম্যাচ জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক সিরিজ ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। তবে এশিয়া কাপে এমনিই একটু চাপ চলে আসে। আজকে আমরা বেশ ভালো খেলেছি।’

বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছেন মূলত বোলাররা। তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন জোড়া উইকেট নিলে দেড় শ’র আগেই থেমে যায় হংকংয়ের ইনিংস।

যা তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি। তাই বোলারদের প্রশংসায় ভাসান লিটন। তাসকিন- মোস্তাফিজদের নিয়ে বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের পেস বিভাগ দারুণ বোলিং করছে। আমরা একজন লেগ স্পিনারের খোঁজে ছিলাম। গত দুই-তিন বছর ধরে রিশাদ সেটি করে দিচ্ছে। যা একজন অধিনায়কের জন্য এবং বাংলাদেশের দলের জন্য অনেক সাহায্য করে।’

শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৯ রান করলেও একপর্যায়ে ২৪ বলে মাত্র ২৬ রান করেন লিটন। অন্যদিকে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে দ্রুত ম্যাচটা শেষ করতে পারেনি বাংলাদেশ। খেলতে হয় ১০৬ বল। যার প্রভাব পড়ে রানরেটে।

এই প্রসঙ্গে লিটন বলেন, ‘আগে ব্যবহৃত উইকেট সাধারণত মন্থর গতির হয়। তাই সব বল মারা সহজ ছিল না। মাঠটা অনেক বড়। তাই সিঙ্গেল-ডাবল নিয়েও খেলতে হয়।