আনুষ্ঠানিকতা সারতে মাঠে নেমেছে ভারত। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে তারা। দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্টে প্রথমবারের মতো আগে ব্যাট করবে ভারত। আগের দুই ম্যাচে: আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে সূর্য কুমারের দল। দু’ ম্যাচে জয় পেলেও লক্ষ্য ছোট থাকায় ব্যাটিংটা জমে উঠেনি।
তবে ওমানের বিপক্ষে আজ সেই আক্ষেপ মেটাতে চাইবে ভারত। আগেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় নেই কোনো ভয়ের কারণ। গুরুত্বহীন ম্যাচে একাদশেও এনেছে পরিবর্তন।
ভারতের একাদশে নেই জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাদের বদলে এসেছেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। এই ম্যাচে আর মাত্র ১টা উইকেট পেলে প্রথম ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট শিকার করবেন আর্শদীপ।
অন্যদিকে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা ওমান এখনো আছে প্রথম জয়ের খুঁজে। ইতোমধ্যে আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হেরে যদিও শেষ সুপার ফোর স্বপ্ন, তবে একটা জয় নিয়ে তারা ফিরতে চায় দেশে।
ভারত একাদশ : অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব।
ওমান একাদশ : যতীন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, আমির কালিম, যীতেন রামানন্দি, আরিয়ান বিশ্ব, জিকরিয়া ইসলাম, মোহাম্মদ নাদিম, ফয়সাল শাহ, শাকিল আহমদ, সময় শ্রীবাস্তব।






