বিশেষ সংবাদদাতা
ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান সর্বসম্মতিক্রমে পুনরায় দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৪ সালে আইসিসিবি প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকে মাহবুবুর রহমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) প্রধান কার্যালয় প্যারিসে। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। আইসিসি বিশ্বের প্রায় সাড়ে চার কোটি প্রতিষ্ঠান এবং ১০০ কোটিরও বেশি কর্মজীবীর প্রতিনিধিত্ব করে। এটি বিশ্বের একমাত্র বেসরকারি ও অ-সার্বভৌম সংস্থা, যা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে।
এ ছাড়া বোর্ড সর্বসম্মতিক্রমে দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তারা হলেন- ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের ১৯ সদস্যের নির্বাহী বোর্ডে আরো রয়েছেন- এফবিসিসিআই প্রশাসক মো: ফজলুল হক, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এ ছাড়া বোর্ডের সদস্য হয়েছেন- এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (ওঙঊ) বাংলাদেশের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেনের এমডি মীর নাসির হোসেন, সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান ও সিইও আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান।



