নয়া দিগন্ত ডেস্ক
তিন জেলায় নারী ও কিশোরীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঁখি খাতুন নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম শিবরামপুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসান আলীর মেয়ে। পুলিশ জানায়, বাবা-মায়ের ওপর রাগ করে ওই কিশোরী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওসি নুরে আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনির (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উসমানের লাশ দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের লাশ দেখতে পান তারা। লাশের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও ছিল। অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। উসমান পেশায় দিনমজুর ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মাটি খুঁড়ে নাজু আক্তার (৩৪) নামে স্বামী পরিতক্তা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের নগুয়া গ্রামের নদী তীরের শ্মশান ঘাটের পাশে মাটি খুঁড়ে এই লাশ উদ্ধার করা হয়। নাজু আক্তার নেত্রকোনা পৌর এলাকার কাটলী গ্রামের মৃত ইসলাম উদ্দিনের মেয়ে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নগুয়া গ্রামের সাবেক স্বামী নুরুল আমিনের বাড়ি থেকে নাজু আক্তার নিখোঁজ হন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এ নিয়ে আদালতে একটি মামলাও রয়েছে। ঘটনার দিন গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বামী নুরুল আমিন খোরপোশের টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে নাজু আক্তারকে তার বাড়িতে ডেকে নেন। সেই থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি জিডি করেন। এরপর মডেল থানার পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করেন। নুরুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশের কাছে স্বীকার করেন তার পরিতক্তা স্ত্রীকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে নগুয়া গ্রামের নদীর তীরে শ্মশান ঘাটের পাশে মাটি খুঁড়ে লাশ পুঁতে রাখেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তারই উপস্থিতিতে তার দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে নাজু আক্তারের লাশ উদ্ধার করে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হালিম গুরুতর আহত হন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



