চট্টগ্রাম ব্যুরো
শিক্ষার্থীদের ঘোষিত টানা সপ্তম দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব কার্যক্রম। ক্লাস-পরীক্ষা হচ্ছে না, বন্ধ রয়েছে সবধরনের প্রশাসনিক কর্মকাণ্ড। ভিসি পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
গত ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সপ্তম দিনে গতকাল সোমবার বিদায়ী ভিসি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিনের কার্যক্রম স্মরণে ‘শ্বেত শাড়ির গণস্বাক্ষর’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
ভিসি পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়েট শিক্ষক সমিতি। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ভিসি ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমাদের একটাই দাবি, সরকার যে প্রজ্ঞাপনটা জারি করেছে, সেই প্রজ্ঞাপনটা আমরা প্রত্যাহার চাচ্ছি। এর উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা ধরে রাখা। এখানে শিক্ষকদের চাওয়া-পাওয়ার কিছুই নেই।
শাটডাউনের পাশাপাশি ধারাবাহিকভাবে নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল, শ্বেত শাড়িতে গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।



