কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী সাবেক এমপি লুৎফুর রহমান কাজল অভিযোগ করেছেন, আগে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। এখন কোনো কেন্দ্রই ঝুঁকিমুক্ত নেই। আওয়ামী লীগের নৌকা সমর্থকরা পুরো এলাকাকে আতঙ্কের ভয়ানক জনপদে পরিণত করেছে। নারী ভোটারদের আতঙ্কিত করতে চাচ্ছে। ভোট ডাকাতির পূর্ব পরিকল্পনা হিসেবে তারা এসব করছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত ভরাডুবি দেখে এসব করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন তিনি।
লুৎফুর রহমান বলেন, নির্বাচনের তফসীল ঘোষণার পর এ পর্যন্ত ২৫ মামলায় আমাদের তিন হাজারের অধিক আসামি করা হয়েছে। দেড় শতাধিক লোক গ্রেফতার করা হয়েছে। আমাদের গণজোয়ার ও জনপ্রিয়তায় আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। মিথ্যা অভিযোগে মামলাগুলো করছে। জনগণ ভোট দিতে পারলে ব্যালট বিপ্লব হবে।
সব বাধা উপেক্ষা করে জনগণকে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব ঘটানোর আহবান জানান বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।






