বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন আরো ৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ জন। নতুন করে আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে এক নারী ও দুইজন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাস নিয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোভিড-১৯ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩ জন আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত একজন মারা গেছেন। তিনি বলেন, নতুন করে যে তিন জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন তরুণী, যার বয়স ২২ বছর। ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও ৩২ বছর বয়সী এক যুবক রয়েছেন। তারা ইতালিফেরত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্ত তিনজনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আর তারা একই পরিবারের সদস্য বলে জানান ডা. আজাদ। এ ঘটনাকে খুবই উদ্বেগের আখ্যায়িত করে এই অধ্যাপক বলেন, আক্রান্ত নারীর মধ্যে এখনো কোনো লক্ষণ নেই। মৃদু লক্ষণ দেখেই তাকে পরীক্ষা করা হয়েছে। এখন তিনি কোয়ারেন্টাইনে আছেন।
আক্রান্ত দুই পুরুষের শরীরে জ্বর আছে জানিয়ে তিনি বলেন, তারা এখন হাসপাতালে। আক্রান্ত ব্যক্তিদের কোভিড-১৯ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।
তিনি বলেন, করোনা মোকাবেলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা যথেষ্ট পরিমাণ কীট ও পিপিই সংগ্রহ করেছি। চিকিৎসক-নার্সদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসক ভাইবোনদের অনুরোধ করব-এটা জাতীয় দুর্যোগ। আমরা শিগগিরই ১০ লাখ নিরাপত্তা পোশাক সরবরাহ করবো। ইতোমধ্যে ২ হাজার নিরাপত্তা পোশাক সংগ্রহ করেছি। জাতির স্বার্থে মানবতার স্বার্থে সেবার কাজ থেকে বিরত থাকবেন না।
তিনি বলেন, প্রয়োজন হলে আমরা জনগণকে মাস্ক ব্যবহার করতে বলবো। তিনটি ভাজসহ (ফোল্ড) মাস্ক তৈরি করতে ও বাজারে বিক্রি করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



