শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে গাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক বোরহান উদ্দীনের লাশের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর সোমবার সন্ধ্যায় ভোগাই নদীর হাতিপাগার এলাকায় তার লাশ ভেসে ওঠে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকেই ভোগাই নদীতে পাহাড়ি ঢল আসছিল। যেখানে উজান থেকে গাছ ও লাকড়ি ভেসে আসছিল। তা ধরতে গিয়েই নিখোঁজ হয় বোরহান (২১)। সে নলিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মোসলেম উদ্দীনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছ ধরতে খাদেমুলের ঘাট থেকে সাঁতার দেয় নদীতে। নদীর মাঝামাঝি গিয়ে সে গাছটিকে আটকাতে চেষ্টা করে। ভেসে আসা গাছটি ভাটীর দিকে যেতে থাকে। হঠাৎ গাছের সাথে মাঝ নদীতেই বোরহান উদ্দীন নিখোঁজ হয়। তাকে নদীর ভাটীতে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ঘটনার ৩৬ ঘন্টা পর নদীর ভাটিতে লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী বোরহানের আত্মীয় স্বজনকে খবর দেয়। পরে স্বজনরা এসে বোরহানের লাশ নিয়ে যায়। খবরটি নিশ্চিত করেছেন রামচন্দ্রকোড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুকা।