ট্রাক, কাভার্ডভ‍্যান ও পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন।

সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে তারা এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এর আগে রাত সোয়া ৮টায় বৈঠক শুরু হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও মালিক-শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ৩ নভেম্বর রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় ১৫ টাকা করে। ফলে ৬৫ টাকা থেকে এক লাফে ডিজেলের লিটারপ্রতি দাম হয় ৮০ টাকা।

বাড়তি দামে ডিজেল কিনতে হলে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়-এমন যুক্তি দেখিয়ে গত বৃহস্পতিবার থেকে প্রথমে পণ্যবাহী পরিবহন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়। পরে বাস মালিকরাও গাড়ি চালানো বন্ধ করে দেন।

অবশেষে রোববারসহ প্রায় চারদিনের ভোগান্তি শেষে মালিকপক্ষের দাবি মেনে বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বিআরটিএ। বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা বৈঠকে ডাক পাননি। ফলে তারা ধর্মঘটও প্রত্যাহার করেননি। পরে ডাক পেয়ে সোমবার রাতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।