অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কারের ধীরগতিকে জনগণ সন্দেহের চোখে দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৯ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে “অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদমুক্ত ও পেশাদারী প্রশাসন রাষ্ট্র অপরিহার্য শর্ত” বিষয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে আমরা আগামী স্বাধীনতা দিবস একটি নির্বাচিত সরকারের অধীনে উদযাপন করবো। এই আকাঙ্খা শুধু বিএনপির না বরং এই আকাঙ্খা রাষ্ট্রের মালিক জনগণের। আর এই রাষ্ট্রের মালিকদের ঘুমপাড়ানি গান শুনিয়ে সংস্কার ও উন্নয়নের নামে বক্তৃতা শুনানো হবে কিন্তু তাদের ভোটের ক্ষমতা তাদেরকে দেয়া হবে না। এই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অবাধ নির্বাচনের নামে যে জরুরি সংস্কার সেই সংস্কার খুব দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনে ব্যবস্থা করার কথা বহুবার বলা হয়েছে। কিন্তু আমরা দেখছি অবাধ নির্বাচনের জন্য জরুরি সংস্কারের গতি খুবই ধীর। এই ধীরগতিকে জনগণ সন্দেহের চোখে দেখে। আমরা চাই ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ নির্বাচন হোক। কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপটি মেরে থেকে যারা সংস্কারের কাজকে ধীরগতি সম্পন্ন করছে ড. ইউনূসের উচিত তাদেরকে দ্রুত চিহ্নিত করা।

স্বাধীন দেশের মালিক দেশের জনগণ-নাগরিক উল্লেখ করে জহির উদ্দিন স্বপন আরো বলেন, বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠী-ব্যক্তিবর্গরা জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতাকে আকড়ে ধরতে রাখার চেষ্টা করে গেছে। কিন্তু জনগণ বারবার কোনো রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায় না বলে প্রমাণ করেছে। সর্বশেষ ৫ আগস্টের গণঅভ্যুত্থান তার প্রমাণ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, মহান স্বাধীনতা দিবসে এই দিন থেকে আগামি স্বাধীনতা দিবস পর্যন্ত আমরা শপথ নেব, গত তিন তিনটি নির্বাচনে কোন কোন রিটার্নিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, ডিসি, ইউএনও এই ফ্যাসিস্টকে নির্বাচিত করেছিল। নির্বাচিত কারার কারণে ৫ আগস্টে হত্যার পরিকল্পনা তৈরি করেছিল। এসব নির্বাচনে সংশ্লিষ্টরা ৫ আগস্টের খুনের সহযোগী হবে। আমরা জানি এ ধরনের বিপথগামী কর্মকর্তা খুবই ক্ষীণ। ঐক্যবদ্ধভাবে আমরা তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সৈরয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন প্রমুখ।

পরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বক্স প্রদান করেন তিনি।