বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শুকুর আলী (২৫) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলাদেশে প্রবেশে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের আব্দুল ওহাব উল্লাহর ছেলে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের নাগরিক শুকুর আলী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহ হলে পুলিশের খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন, প্রায় ১৪ থেকে ১৫ দিন আগে ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে শুকুর আলী। মঙ্গলবার গভীর রাতে ভাটারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।



