বগুড়া সরকারি আজিজুল হক কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন রিয়েল চেঞ্চ অব বাংলাদেশ-আরসিবি’র প্রতিষ্ঠাতা মরহুম সরকার মাকসুদুল মান্নান রাফির (২৩) রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর রংপুর মহানগরীর কামারপাড়ার বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাদ ফজর থেকে রাফির রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম শুরু হয়। এসময় পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন নগরীর গুড়াতিপাড়ার আব্দুল করিম শাহজালাল (র) দারুল উলুম হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার হাফেজবৃন্দ।
বাদ জোহর মরহুমের মিলাদ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এতিমখানাটির মুহতামিম ও তেতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ মোঃ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ শাহীন। এতে রাফির আত্মীয়স্বজন, স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসল্লীরা অংশ নেন। এসময় রাফির কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়।
মরহুম সরকার মাকসুদুল মান্নান রাফি (২৩) গাইবান্ধার সুন্দরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক উদ্যোক্তা মরহুম আব্দুস সাত্তার সরকারের কনিষ্ঠ পুত্র এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও রংপুর অফিস ইনচার্জ, দৈনিক দাবানল এর বার্তা ও পরিকল্পনা সম্পাদক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের ছোটভাই।
গত ১৭ ফেব্রুয়ারী রোববার ভোরে তিনি বড়ভাইয়ের রংপুরস্থ বাসায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। পরিবারের ১১ ভাইবোনের মধ্যে রাফি ছিলেন সর্বকনিষ্ঠ। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মানবকল্যানে বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন রাফি। তার অকাল মৃত্যুতে পরিবারসহ সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






