চিকিৎসার কথা বলে গৃহবধূকে পাটক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। মামলা দায়েরের পর ওই গৃহবধূর চাচা শ্বশুরকে খুঁজছে থানা পুলিশ।

মামলায় অভিযুক্ত ওই ব্যক্তি ইউনুস ফকির ওরফে কিলি (৫০)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানিয়েছেন, তারা অত্যন্ত দরিদ্র। ইউনুস ফকির ওরফে কিলি সম্পর্কে তার চাচা শ্বশুর হন। গত ২৭ মে দুপুরে কিলি তাদের বাড়িতে আসেন। এ সময় কথাবার্তার একপর্যায়ে তার দিকে তাকিয়ে বলেন, ‘তোর স্বাস্থ্য তো খুব খারাপ, আমি বাড়ির পেছনের ক্ষেতে আছি, তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, আমি একটা ওষুধ দিবো, তুই ভালো হয়ে যাবি’। কিলি’র এ কথা তিনি সরলভাবে বিশ্বাস করেন। পরে একটি কাগজে তার ও তার স্বামীর নাম লিখে ওই ক্ষেতে যান। এ সময় কিলি তার মুখ, হাত ও পা বেঁধে ধর্ষণ করেন। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূ রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই কিলি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।