নোয়াখালীর বেগমগঞ্জে বাবু ক্যাডার সজিব হোসেনকে (১৯) অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে আটকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি বেগমগঞ্জের এনায়েত নগর গ্রামের শাহ আলমের ছেলে।

এর আগে, রোববার দিবাগত রাতে তাকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পাইপগান, একটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, রোববার রাতে বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের কারিমের বাড়িতে বাবু বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালায়। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্ত্রাসী সজিব হোসেনকে আটক করে দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ পাওয়া যায়।

অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটকৃত আসামিকে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।