ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, বুধবার সকালে নিখলি গ্রামের হানিফ মিয়া(৬৫) পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মর্জিনা বেগমকে (৫৫) সাবল দিয়ে মাথায় আঘাত করে ঘড়ের দরজা বাইরে থেকে শিকল লাগিয়ে পালিয়ে যায়। ওই সময় তার ছেলে সোহেল প্রবাস থেকে মা-বাবার সাথে ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তার ভাবী তাসলিমা বেগমকে বাড়িতে এসে খবর নিতে বলেন। তখন তাসলিমা এসে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন, তার শাশুড়ি রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছে। তখন তার চিৎকারে লোকজন এগিয়ে এসে মর্জিনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সন্ধ্যা ৬টা পযর্ন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ।

তিনি বলেন, হানিফ মিয়ার তিন ছেলে ও এক মেয়ে, তারা কেউ বাড়িতে থাকেন না, তারা স্বামী-স্ত্রী একা বাড়িতে থাকেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে।

হানিফ মিয়ার ছেলে বাদশা মিয়া বলেন, আমার বাবা কিছুটা অসুস্থ, এমন ঘটনা কেন ঘটলো কিছুই বলতে পারছি না। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।