দিনাজপুরের ফুলবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় উপজেলায় ১০ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৪ জুলাই রাত ১২টা পর্যন্ত ১০ দিনের এই কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন। তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।

লকডাউনের বিষয়ে শুক্রবার রিকশাচালক ফিরোজের সাথে কথা হয়। তিনি বলেন, আমরা প্রতিদিন যা আয় করি তা দিয়ে সংসার চালাই, রিকশা বন্ধ থাকলে খাবো কি? কিস্তি চালাবো কি করে?

হোটেলব্যাবসায়ী উজ্জল বলেন, আগের দিন যা রান্না করা খাবার ছিল সেগুলো শেষ করতে অল্প কয়জন লোক বসেছেন। তাদের খাওয়াচ্ছি। এগুলো শেষ হলে কাল থেকে আর বসে খাওয়াবো না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের পর মাইকিং করতে একটু দেরি হয়েছে। হয়তো অনেক লোকজন উপজেলা প্রশাসনের এই ম্যাসেজটি পায়নি।

তিনি বলেন, শনিবার থেকে অবশ্যই উপজেলার সকল মানুষ করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না।