যশোরের চৌগাছায় তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। তিনি পাশের উপজেলা ঝিকরগাছার শীবচন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার সকালে উপজেলার বড়কাবিলপুর গ্রামের কপোতাক্ষ নদের বেলেঘাট নামক স্থান থেকে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা নদের পাড়ে পানিতে তার লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
জানতে চাইলে চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়রা জানান তরিকুল ইসলাম একজন মাদকসেবনকারী ও মাদক পারা-পারের কামলা (মজুরী) হিসেবে কাজ করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে চৌগাছা ও ঝিকরগাছা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। তিনি এর আগে মাদকসহ ধরা পড়ে জেলও খেটেছেন। তরিকুল ইসলামের মৃত্যুর ব্যাপারে তার পরিবারের কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।






