গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের ইয়াছিন আলীর ছেলে রবিউল (৬) ও আয়ুব আলীর ছেলে সফিরুল (৫)।

শনিবার বিকেলে শিশু দু’টি সকলের অজান্তে পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়।
স্থানীয়রা জানান, পরিবারের লোকজন সন্ধ্যায় শিশু দু’টিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে শিশু দু’টিকে ভেসে থাকতে দেখে। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নাকাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান দু’শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশু দু’টির পরিবারে শোকের মাতম চলছে।