যশোরের চৌগাছায় ট্রাকচাপায় আম্বিয়া সুলতানা (৪১) নামে ডিভাইন গার্মেন্টস লিমিটেডের এক নারী কর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের রিপন হোসেনের স্ত্রী।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা-যশোর সড়কের কড়ইতলায় ডিভাইন গার্মেন্টস লিমিটেড-এর সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রায়হান হোসেন জানান, মা ডিভাইন গার্মেন্টেসের নারী চেকার পদে চাকরি করতেন। শুক্রবার সন্ধ্যায় অফিস শেষে আমার খালাত ভাই হারুন অর রশীদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। গার্মেন্টসের সামনে পৌঁছলে যশোর থেকে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আমার মা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: তাজিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার এস আই মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।