পাকনায় মাকে হত্যার অভিযোগ এনে বাবার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সন্তানেরা। মানববন্ধনে বাবাকে হত্যাকারী উল্লেখ করে সৎ মা-বোনদের বিচার দাবি করা হয়েছে।
শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অসহায় সন্তানদের সাথে এলাকাবাসীও অংশ নেন।
মানববন্ধনে সন্তান মো: নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাজগ্রামের বাসিন্দা আমার বাবা মো: মাজেদ শেখ যৌতুকের জন্য মা সুর্য খাতুনকে প্রায়ই মারধর করতেন। এরই একপর্যায় বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মা সুর্য খাতুনের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশও হয়। অবশেষে গত ১১ জুন আমরা দু’ভাই ও বোন বাড়িতে না থাকায় আমাদের মা সুর্য খাতুনকে বাবা মাজেদ শেখ, সৎ মা হালিমা খাতুন ও সৎ বোন মারপিট ও শ্বাসরোধে করে হত্যা করে। পরে তারা লাশ ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, সাঁথিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ রহস্যজনক কারণে অপমৃত্যু মামলা করেন।
নিহত সুর্য খাতুনের সন্তান মো: নাজমুল হোসেন বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলাটির সঠিক তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করছি।
মানববন্ধনে সন্তানদের সাথে ডাঙ্গামাজগ্রামের রুহুল প্রামানিক, মর্জিনা খাতুন, আনার প্রাং. শাজাহান প্রামানিক চাঁনসহ এলাকাবাসী অংশ নেন।






