নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় চাঁদা না দেয়ায় সেনাবাহিনীর সদস্য করপোরাল মো: খোকন মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন এ অভিযোগ করেন। পৌর এলাকার থানাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মাছুমা আক্তার বলেন, বাড়ির নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় স্থানীয় প্রভাবশালী জুলহাস মেম্বারের নেতৃত্বে একই গ্রামের আতিক, দানু, আলমগীর ও ভাড়া করে আনা সামসুল হকসহ আরো কয়েকজন মিলে খোকন মিয়ার নির্মানাধীন বাড়ির কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে ঘটনার দিন বাড়িঘর ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
তিনি বলেন, লুটপাটের সময় বাঁধা দিলে তারা জালাল মিয়ার স্ত্রী খুকি বেগমকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় খুকিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় রায়পুরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।






