ফরিদপুরের সালথায় লাভলু শেখ (৩৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালককে হত্যা করা হয়েছে। এ সময় তার ভ্যানটি ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কালী এলাকার মেল মাঠ থেকে ভ্যানচালক লাভলু ফকিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লাভলু ফকির মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে। তিনি প্রায় সাতমাস আগে ৪৬ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনে পুটিয়া-জয়কালী-আগঘর এলাকায় ভাড়ায় চালিয়ে সংসার চালাতেন।

লাভলুর স্ত্রী হনুফা বেগম (৩৩) বলেন, আমার স্বামী লাভলু ফকির কিছু দিন আগেই ভ্যানের ব্যাটারি পাল্টাইছে। গতকাল সকাল ৯টায় বাড়ি থেকে গাড়িটি নিয়ে বের হয়েছে। রাতে বাড়ি না ফেরায় স্থানীয় ভ্যানচালকদের কাছে খোঁজ খবর নিয়েছি। গ্রামের বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেছি, পাই নাই।

মঙ্গলবার সকাল ৭টায় খবর পাই লাভলুর লাশ ডাঙ্গী জয়কালী মেল মাঠে পরে আছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।