নওগাঁর রাণীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় জাহিনুর রহমান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।
জাহিনুরের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে লাশ ফেলে রাখা হয়েছে।
জাহিনুর উপজেলার পারইল বিশিয়া দক্ষিণ পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিনুর বেশ কিছু দিন ধরে পরিবারের সাথে সর্ম্পক ছিন্ন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিল। এরই মধ্যে বিশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে স্বপনের সাথে বন্ধুত্বের সর্ম্পকের সুবাদে মাঝে মাঝে ওই বাড়িতে খাওয়া দাওয়া করতো এবং বিলের মধ্যে জব্বারের লিজকৃত পুকুরের পাশে স্থাপন করা ঘরে থাকতো। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন ওই পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ রাত ১১টার পর লাশ উদ্ধার করে।
শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জাহিনুরের চাচা নুর ইসলাম বলেন, জাহিনুর মাঝে মধ্যে নেশা করতো ও তাসও খেলত। নেশা বা তাস খেলার সময় হয়তো বন্ধুরা তাকে হত্যা করে পুকুরে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
পুকুরের মালিক আব্দুল জব্বার বলেন, জাহিনুর বাড়িতে আশ্রয় না পেয়ে মাঝে মাঝে আমার বাড়িতে আমার ছেলের সাথে খাওয়া দাওয়া করতো এবং পুকুর পাহারার জন্য নির্মিত ঘরেই রাতে ঘুমাতো। হঠাৎ করেই জানতে পারি জাহিনুরের লাশ পুকুরে ভাসছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বুঝতে পারছি না।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, কিভাবে জাহিনুরের মৃত্যু হয়েছে তা জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।






