শেরপুরের শ্রীবরদীতে ২৬ বছর বয়সী এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন।

গত বুধবার উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া গ্রামে ঘটনা ঘটে।

প্রতিবন্ধী পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের সামছলের ছেলে হারেছের (৪৫) বাড়ির পাশ দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই নারী। হারেছের বাড়ি লোকজন ওই দিন বিয়ের দাওয়াত খেতে য়ায়। ফাঁকা বাড়িতে হারেছ অবস্থান করছিল। এ সময় বাড়ির পাশ দিয়ে ওই প্রতিবন্ধী যাওয়ার সময় হারেছ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী বাড়িতে গিয়ে আকার-ইঙ্গিতে তার মাকে ঘটনার বিবরণ জানায়। অভিযুক্ত হারেছ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে শনিবার সকালে প্রতিবন্ধীর মা শ্রীবরদী থানায় মামলা করেন।

প্রতিবন্ধীকে মেডিক্যাল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।