নরসিংদীর শিবপুরে বাসচাপায় রোকেয়া বেগম (৫৫) ও আনোয়ারা বেগম (৬৫) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাসটিতে ভাংচুর চালায়। পরে এতে আগ্নিসংযোগ করে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার হাজী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও একই উপজেলার সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলীর স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হাজী বাগান এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যূ হয়। এ সময় বাসের ধাক্কায় আহত হয় তানজিনা (১৫) নামে অপর একজন।
দুর্ঘটনার পর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় চালককে ধাওয়া দেয় স্থানীয়রা। চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী বাসটিতে ভাংচুর চালায় এবং পরে আগ্নিসংযোগ ঘটনায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রায় ঘণ্টা খানেক পর দমকল বাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার জানান, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ঘাতক বাসটিকে আটক করেছি।






