নওগাঁর পত্নীতলায় টমটমের ধাক্কায় আরিফা খাতুন বন্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের বামইল সড়কে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা একই উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু বন্যা তার মায়ের সাথে দু’দিন আগে মহেশপুর গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে মহেশপুর-বামইল শাখা সড়কের পাশে বন্যা খেলছিল। খেলার একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি টমটমের নিচে চাপা পরে। এ সময় স্থানীয়রা দ্রুত শিশুটিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। শিশুটি রামেক হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, নিহত শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






