নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সিবিচ এলাকা থেকে সেনবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মো: আইমুন ভূঞা (২৬)। তিনি উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীর পাড় এলাকার মো: মোস্তফার ছেলে।
সেনবাগ থানা সূত্রে জানা যায়, আইমুনকে প্রথমে এক নারীর প্রেমের ফাঁদে ফেলেছে পুলিশ। পরে ওই নারীর সাথে তিনি চট্টগ্রামের সিবিচ এলাকায় বুধবার রাতে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের নেতৃত্বে ৫ থেকে ৭ জন লোক ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সাথে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদেরকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে। একপর্যায়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেয়ার জন্য ফোন এলে তারা রাজনকে ছেড়ে দেয়। কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় সন্ত্রাসীরা। তাতে রাজি না হওয়ায় রুমের দরজা বন্ধ করে সন্ত্রাসী ফরহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাইরে পাহারা দেয় বলে জানা যায়। পরে গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।






