ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা এ সময় প্রায় দেড় থেকে দুই শ’ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি।
রোববার দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়াহাট বাজারে ডাকাতির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, রাত ১টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৭০-৮০ জনের মতো সংঘবদ্ধ একদল ডাকাত বাজারে প্রবেশ করে। বাজারে প্রবেশ করেই নিরাপত্তাকর্মী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের মারধর করে। এ সময় ডাকাতদলের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র থাকার কারণে ভয়ে নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীরা কোনো চিৎকার করতে পারেনি। ডাকাতরা ১৯টি দোকানে প্রবেশ করে প্রায় দেড় থেকে দুই শ’ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নৌকাযোগে চলে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






