চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীরা এখন দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপ্তাহের সাত দিনই দেশে ফিরতে ফিরবেন। এ সময় আগের মতো বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো অনাপত্তি পত্রের প্রয়োজন হবে না। আগে হাইকমিশনের অনাপত্তি নিয়ে সপ্তাহের তিন দিন পাসপোর্ট যাত্রীরা এই বন্দর দিয়ে দেশে ফিরতে পারতেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানিয়েছেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ নিয়ম কার্যকর করা হয়েছে। এর আগে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন ভারতে অবস্থানরত পাসপোর্ট যাত্রীরা সপ্তাহের সাত দিনই এই পথে দেশে ফিরতে পারবেন।

তিনি বলেন, এতদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরতে হলে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যে অনাপত্তি পত্র লাগত এখন সেই অনাপত্তি পত্র ছাড়াই দেশে ফেরা যাবে। তবে দেশে ফেরা সকল পাসপোর্ট যাত্রীকে অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে।