নওগাঁর মান্দায় পুকুরে মাছ ধরতে নেমে বেলাল হোসেন (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মৎস্যজীবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন একই গ্রামের মৃত আহসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভারশো মৎস্যজীবী পাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ তার পুকুরে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে যায়। সেখানে বেলাল হোসেন পুকুরে মাছ ধরতে নামলে পানিতে ডুবে মারা যান।

মান্দা থানার শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।