ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের খুটি বহনকারি লড়ি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
নিহতরা হলেন, কাজিম হোসেন ওরফে রাজিব (২৪), আলমগীর হোসেন (৩০)।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিকরপুর এলাকায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত, রাজিব বরগুনা জেলার বেতাগী থানার গড়িয়াবুনিয়া গ্রামের মো: বেলায়েত হোসেনের ছেলে এবং আলমগীর ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাউজিং এলাকার মো: আলাউদ্দিনের ছেলে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধিনে পল্লী বিদ্যুতে খুটি বসানোর কাজে নিয়োজিত ছিলেন। সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন টিকরপুর এলাকায় খুটি বহনকারি লড়ি নিয়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় লড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। এবং তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া লড়ির ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।
দোহার ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব-অফিসার জনাব শহীদ আলম জানান, ধারণ ক্ষমতার অধিক ওজন বহন করছিল লড়িটি। তাই নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাত বেশি হওয়ার আজকের উদ্ধার কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল লড়ি উদ্ধার কাজ আবার শুরু করবে।






