ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দু’জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জের গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ। এসময় খেলনা পিস্তল, চাপাতি চাকু এবং একটি স্পিডবোট জব্দ করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মোল্লারচরে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদলের বাকি সদস্যরা স্পিডবোট রেখেই পালিয়ে যায়।
ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিদাস নদীর পাড়ে মোল্লার চর থেকে ডাকাত মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ আঃ মালেককে (৪৫) গ্রেফতার করা হয়েছে। দু’জনের কাছ থেকে রামদা ও লোহার চাপাতি জব্দ করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় ডাকাতদল একটি স্পিডবোট ফেলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত বাবলা চৌধুরী (৪০), আঃ খালেক (২৫), বাদশা মিয়া (৫০), মোঃ তাজুল ইসলাম (২৭), মহসিন (৩৫), বাবু (২৭) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন স্পিডবোট ফেলে পালিয়ে যায়।
স্পিডবোট থেকে একটি কালো রঙয়ের প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি লোহার চাকু, একটি লোহার রড, একটি কালো রঙয়ের প্লাস্টিকের টর্চলাইট, একটি লোহার বাটসহ হাতুড়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং নিয়মিত মামলা করা হয়েছে।






