মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেটকারের ধাক্কায় ইসমাইল হোসেন (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে প্রাথমিকভাবে থানা পুলিশ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের জনৈক প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির দিনমজুর মাঠ থেকে সরিষার বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পশ্চিম দিক থেকে ছেড়ে আসা হেমায়েতপুরগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ইসমাইল মাথায় ও হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, প্রাইভেটকার আটকসহ চালক আল-আমিনের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা নেয়া হবে।






