রাজবাড়ীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ আলামিন (২০) নামে ট্রাকের এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আলামিন রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌপিুর গ্রামের মোঃ মোস্তফা ছেলে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানিয়েছেন, আলামিন মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসতো এবং তার মেয়ের সাথে মিশতো। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আলামিন তাদের ঘরে প্রবেশ করে। এর কিছু সময় পর তার মেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওই সময় পরিবারের লোকজন এগিয়ে আসে। তখন আলামিন দ্রুত সেখান থেকে সটকে পরে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামি আলামিন আত্মগোপনে ছিলো। তবে নানা ধরণের কৌশল অবলম্বন করে তাকে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন ওই শিশুটির বাবা রাজবাড়ী থানায় আলামিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। রাজবাড়ী হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। একই সাথে আদালতে শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।