রাজবাড়ীর পাংশায় দুই স্কুল শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে হাসমত মণ্ডল (২১) ও সিহাব মন্ডল(২০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামে অভিযান চালিয়ে হাসমত মণ্ডলকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে সিহাব মণ্ডলকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী। এ সময় তারা সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে অভিযুক্ত সিহাব মণ্ডল ও হাসমত মণ্ডল তাদের পথরোধ করেন। পরে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে স্কুলের একটি পরিত্যক্ত কক্ষ ও পানের বরজে নিয়ে ধর্ষণ করেন। ঘটনায় পাংশা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন শিক্ষার্থীদের পরিবার।
এদিকে ধর্ষকদের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীদের সহপাঠী ও এলাকাবাসী। তাদের স্কুল আতারুনেচ্ছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অপরাধে কঠোর অবস্থান থাকবে।






