বরিশালের আগৈলঝাড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণেরর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
অভিযুক্ত আব্দুর রহমান (৩৮) উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কালাম মিয়ার ছেলে। গতকাল রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে খাজুরিয়া গ্রামে তাকে গণপিটুনি দেয়া হয়।
গত ২৪ মার্চ ৬ বছর বয়সী এক শিশুকে সে ধর্ষণ করে। বিষয়টি পরিবার গোপন রাখে। কিন্তু এরপর ২৮ মার্চ সাত বছর বয়সী আরো একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তখন বিষয়টি প্রকাশ হলে আব্দুর রহমান কোটালীপাড়া পালিয়ে যায়। ৩০ মার্চ বাড়িতে ফিরে আসলে এলাকাবাসী টের পেয়ে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে আটকে রেখে মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনা এর আগে শিশুদের পরিবার কিংবা স্থানীয় কেউ থানা-পুলিশকে জানাননি। এমনকি লিখিত অভিযোগও করেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






