নিজস্ব প্রতিবেদক

বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার ক্ষোভ থেকেই মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একজন প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধা হিসেবে বিমানবন্দরের দুর্নীতি, অনিয়ম ও হয়রানি নিয়ে কথা বলার পূর্ণ অধিকার তার রয়েছে। তাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আখতারুজ্জামানের মামলা  প্রত্যাহার ও মুক্তির দাবিতে গতকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পল্টন ও জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।
গোলাম পরওয়ার বিএনপি ও সরকারের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে বলেন, রাজপথের আন্দোলনে জামায়াত-শিবির জীবন দিলেও এখন তাদের ‘গুপ্ত’ ও ‘স্বাধীনতা বিরোধী’ আখ্যা দেয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। বিএনপি যাদের সাথে জোট করেছিল বা যাদের সমর্থনে সরকার গঠন করেছিল, তাদের অহেতুক গালি দিয়ে বিএনপি মূলত নিজেদের অতীতকেই অস্বীকার করছে। বিএনপিকে নিজের মুখ আয়নায় দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের উদ্যোগে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার কোনো সমালোচনা সহ্য করতে পারছে না। অন্যায়ের প্রতিবাদ রুখতেই আখতারুজ্জামানকে গ্রেফতার করে সাধারণ মানুষকে বার্তা দেয়ার চেষ্টা চলছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া পরিয়ে পুরো মুক্তিযুদ্ধকেই অসম্মান করা হয়েছে। চাঁদাবাজ ও দখলবাজদের গ্রেফতার না করে প্রবাসীদের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে রিমান্ডে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি বিমানবন্দরে সংসদ সদস্যদের প্রটোকল না দেয়া ও হয়রানির সমালোচনা করে বিমানমন্ত্রীর বক্তব্যকে অসত্য দাবি করেন এবং মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ছাড়াও ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েম প্রবাসীদের হয়রানি বন্ধ ও অবিলম্বে আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। ঢাকা মহানগরী উত্তরের সচিব ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।