খাগড়াছড়িতে গতকাল শনিবার ভোর থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদরের কোথাও কোনো পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে। শুক্রবার রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, অটোরিকশা, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এ দিকে পরিবহন ধর্মঘট এবং তিন পার্বত্য জেলায় অবরোধের কারণে রাঙ্গামাটির সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক।
শুক্রবার রাজধানী ঢাকার একটি সমাবেশ থেকে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে শহরে প্রবেশ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ দিকে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকরা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন। সাজেকে যাওয়ার সব গাড়ি বন্ধ রয়েছে। শুক্রবার খাগড়াছড়ি থেকে ৮০টি গাড়ি সাজেক গেছে বলে জানান খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো: আরিফ জানান। জিপ গাড়ির লাইনম্যান মো: ইয়াছিন আরাফাত বলেন, ইউপিডিএফের অবরোধের ডাকে সড়কের বিভিন্ন জায়গায় আগুন দেয় অবরোধকারীরা। শুনেছি, বেইলি সেতুগুলো থেকে পাটাতন খুলে নেয়া হয়েছে। এই অবস্থায় পর্যটকদের বহন করা গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ। তাই সমিতির পক্ষ থেকে কোনো গাড়ি সাজেক থেকে ফেরেনি। খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ জানান, নিরাপত্তাহীনতায় আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় শ্রমিক ও ড্রাইভাররা অনিরাপদ বোধ করছেন।
উল্লেখ্য, বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগ এনে মো: মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিনজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়। দীঘিনালায় পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকানপাট। পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ির কয়েকটি উপজেলাসহ রাঙ্গামাটি জেলায়।
৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ
সাজেকে আটকা ৮ শতাধিক পর্যটক
খাগড়াছড়িতে গতকাল শনিবার ভোর থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদরের কোথাও কোনো পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার...



